বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু
১:০৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ ও মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের (সিনিয়র অফিসিয়ালস) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে মিয়ানমারের রাজধানী নেপিডোর হরিজন লেকভিউ রিসোর্টে দ্বি-পাক্ষিক এই বৈঠক শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত বৈঠক চলবে।
এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দুই দেশের ‘সিকিউরিটি অ্যান্ড ল ইনফোর্সমেন্ট’ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
সিনিয়র পর্যায়ের কর্মকতাদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের স্বরাষ্ট্র সচিব ইউ টিন মায়েন্ট।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার বিকেলে মিয়ানমারে পৌঁছান। তার সঙ্গে আছে ১২ সদস্যের প্রতিনিধি দল। বিকেল সাড়ে ৫টার দিকে নাইপেদো বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেজর জেনারেল অং সয়ি।

