বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আবদুল হামিদ

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আবদুল হামিদ

নিউজ ডেস্ক | ৭:৫৪ অপরাহ্ন, ২৪ এপ্রিল, ২০১৮

1524578080.jpg

রেকর্ড গড়ে প্রথমবারের মতো টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৮টায় বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটিই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ। এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।

দেশে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

প্রথম মেয়াদে দায়িত্বপালনের পর আবদুল হামিদ বিভিন্ন সময় হাস্যরসে বঙ্গভবনের নিয়ন্ত্রিত জীবন পছন্দ না হওয়ার কথা বলেছেন।

প্রথম মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি হামিদ বলেছিলেন, জিয়াউর রহমানের আমলে জেলে ছিলাম। এখনও জেলে আছি। পার্থক্য আগে স্যালুট দিতো না, এখন দেয়।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. আবদুল হামিদ।

ছাত্রজীবনেই সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন আবদুল হামিদ। তিনি সত্তরের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন।

১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনসহ ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ সালের ১০ জুলাই পর‌্যন্ত সংসদে ডেপুটি স্পিকার এবং এরপর থেকে ২০০১ সালের ২৮ অক্টোবর পর‌্যন্ত স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ।

২০০৯ সালে গঠিত নবম সংসদেও স্পিকারের দায়িত্বপালন করেন। স্বভাবসুলভ হাস্যরস আর দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনায় সংসদকে অধিবেশনগুলো সাধারণের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM