মহান বিজয় দিবস আজ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১১:১০ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর, ২০১৭

মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভোর ছয়টা ৪০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের শ্রদ্ধা জানান।
পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। তিনবাহিনীর প্রধান গার্ড অব অনার প্রদান করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, সংসদ সদস্য এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর একে একে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে শুরু করেন।

