টঙ্গীতে ২ বাসায় ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
১১:০৭ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

গাজীপুরের টঙ্গীতে দুই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে পাঁচ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ভূঁইয়ার ছেলে নাবিল (১৭), মেয়ে মাহদিয়া (১০) ও কাজের মেয়ে নার্গিস (১৫)।
বাড়ির মালিক মো. মনিরুজ্জামান ভূঁইয়া বাংলানিউজকে জানান, এক ব্যক্তি তার বড় ভাই মোয়াজ্জেম হোসেন ভাইয়ের খোঁজ জানতে বাসার ভেতরে প্রবেশ করেন।পরে আরো ১৪/১৫জন অস্ত্র হাতে ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে ও মারধর করে একটি রুমে আটকে রাখে। এসময় তারা আলমারির তালা ভেঙে সাড়ে তিন লাখ টাকা ও ৪৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ভাই মোয়াজ্জেম হোসেনের বাসার আলমারির তালা ভেঙে দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে আমার মেয়ে মুখের বাঁধন খুলে ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে আমাদের উদ্ধার করে ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

