দিদি ইলিশ মাছ আছে, আসেন খাওয়াব
মমতাকে আমন্ত্রণ হাসিনার
নিউজ ডেস্ক | ১:১৮ অপরাহ্ন, ৯ নভেম্বর, ২০১৭

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দিদি, ইলিশ মাছ আছে। আসেন খাওয়াব।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর গণভবন থেকে যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রেলপথে বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে আসার জন্য নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে থাকা মমতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, দিদি, ইলিশ মাছ আছে। আসেন খাওয়াব।
প্রধানমন্ত্রী আরও বলেন, বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এতে দুই দেশের জনগণই লাভবান হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মানুষকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলায় বলেন, আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হলো।
সূত্র: আমাদের সময়

