আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন
নিউজ ডেস্ক | ৬:৩০ অপরাহ্ন, ২৪ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরীক্ষা ডিসেম্বর-২০১৯ এর মধ্যে গ্রহণ সহ দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী সমন্নয় পরিষদ।
রোববার সকাল ১০ টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী সমন্নয় পরিষদ-২০১৯ এর ব্যানারে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী সমন্ময় পরিষদ ২০১৯ দাবি গুলো হলো:
১. আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরীক্ষা ডিসেম্বর-২০১৯ এর মধ্যে গ্রহণ
২.প্রতি বছর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা গ্রহণ
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ জুলাই আইনজীবী অন্তর্ভুক্তির প্রথম ধাপ নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারী) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিবছর এ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর পর বার কাউন্সিল চলতি বছরের নভেম্বরে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারী (এমসিকিউ) পরীক্ষা নেওয়ার কথা। এ লক্ষ্যে চলতি বছরের ২৮ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এবং পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে দ্বিতীয় ধাপে ৩ অক্টোবর পর্যন্ত অ্যাডভোকেটশীপ পরীক্ষার ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করে বার কাউন্সিল। কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ হলেও সনদ পরীক্ষার তারিখ ঘোষণা করেনি সারাদেশে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।

