রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার আরো অবনতি

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার আরো অবনতি

৫:২৭ অপরাহ্ন, ৩ নভেম্বর, ২০১৯

1572780426.jpg

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটেছে। চিকিৎসকরা তাকে ক্যান্সারের চিকিৎসা দেয়া বন্ধ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে শনিবার খোকার ছেলে ইশরাক হোসেন ইউএনবিকে জানান, বাবার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। নিবিড় পর্যবেক্ষণে রেখে কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ক্যান্সারের জন্য চিকিৎসা গ্রহণ করার মতো অবস্থায় নেই দেখে চিকিৎসকরা তাকে ক্যান্সারের সেবা দেয়া বন্ধ করে দিয়েছেন। তার বাবার অবস্থা এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখান থেকে ফিরে আসা পুরোপুরি আল্লাহর রহমতের ওপর নির্ভর করছে।

ইশরাক জানান, গত ১৮ অক্টোবর থেকে সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

‘শুরুতে তার অবস্থা এতো খারাপ ছিলো না, তবে দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে,’ যোগ করেন তিনি।

খোকার জীবন ও মৃত্যু নিয়ে কোনো ধরনে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘মুক্তিযোদ্ধা, চারবারের সাংসদ ও দুইবারের মন্ত্রী সাদেক হোসেন খোকার খারাপ কিছু ঘটলে গেলে সেটি গোপন রাখার কিছু নেই। কোনও খারাপ পরিস্থিতি দেখা দিলে আমরাই জানিয়ে দেব।’

উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন সাদেক হোসেন খোকা। পরে তিনি বিএনপিতে যোগ দেন ও দলের ঢাকা মহানগর শাখার সভাপতি হন। ১৯৯১ সালে সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে খোকা প্রথমবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন এবং পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন।

২০০১ সালে একই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। তিনি প্রায় নয় বছর ধরে ওই পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে সাবেক মন্ত্রী খোকাকে গ্রেপ্তার করা হয়।

কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানের চিকিৎসকরা তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণ শনাক্ত করতে পারেননি। পরে ২০১৪ সালের ১৪ মে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান খোকা। সূত্র : ইউএনবি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM