বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ঘোষিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধনের দাবি সাংবাদিকদের

ঘোষিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধনের দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্ক | ৭:৫৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

1569592592.jpg

নিউজ ডেস্ক: সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হলেও তা সাংবাদিক ও কর্মচারিদের স্বার্থের অনুকুলে নয় বলে ক্ষোভ জানিয়ে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক স্বার্থ সুরক্ষা পরিষদ আয়োজিত ‘গণমাধ্যমের বিদ্যমান সংকট : সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা’ বিষয়ক গোলটেবিল আলোচনায় আলোচকরা সরকারের কাছে এ দাবি জানান।

আলোচকরা আরও বলেছেন, নতুন ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদমাধ্যম মালিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপশি তাদেরকে চাকুরিচ্যুতির প্রতি উস্কানি দেওয়া হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে এই গোল টেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান উল আলম, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিটিভির উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর ট্রাস্টি রাশেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, লেবার রাইটস সাংবাদিক ফোরামের সভাপতি কাজী আবদুল হান্নান, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আমান উদ দ্দৌলা, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব পুলক ঘটক, গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিচালক খায়রুল আলম প্রমুখ।

আলোচনায় বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকেরা কি চাইছেন, তা ইউনিয়নের নেতাদের উপলব্দি করতে হবে। সাধারণ সদস্যদের প্রত্যাশা সংরক্ষণ না করা গেলে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন এসব আলোচনা সভার আয়োজন না করলেও উদ্যোগ কিন্তু বসে নেই। অনেক ক্ষোভের কথা এসেছে আলোচনায়। তিনি মনে করেন, ওয়েজ বোর্ডের বিদ্যমান অসঙ্গতি দুর করতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে ইলেকট্রনিক মিডিয়াকে স্বীকৃত দেওয়া হবে এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণেও একটি আইনী কাঠামো হবে। সাংবাদিক কল্যান ট্রাস্টকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। সত্যিকার সাংবাদিকরা যেন সাহায্য পায় তা নিশ্চিত করতে হবে।সামনের দিনগুলোতে অনেক আন্দোলন সংগ্রামের প্রয়োজন আছে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া বলেন, বর্তমানে যে সংকট এ ধরণের সংকট আর দেখি নাই। সাংবাদিকতায় যে ধার ছিল সেই ধার আর নেই।নতজানু সাংবাদিকতা হচ্ছে। সব টেলিভিশনসহ গণমাধ্যমগুলোর এই অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেকে সাংবাদিক দাবি করার পরে নতুন ওয়েজবোর্ড দিয়ে সাংবাদিকদের যে অধিকার হরণ করলেন, এ বিষয়ে ইউনিয়নের প্রতিবাদ করা উচিত ছিল।

বিএফইউজের সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বলেন, নতুন মজুরী কাঠামোর সুপারিশে গ্র্যাচুইটি দুইটির পরিবের্তে একটি করার মাধ্যমে চাকরিচ্যুতি আরও সহজ করা হয়েছে। তিনি সাংবাদিকদের ওয়েজবোর্ড ঘোষিত রোয়েদাদ পর্যায়ক্রমে বাস্তবায়নের এবং আয়কর প্রদানের অনুচ্ছেদ বাতিলের দাবি জানান।

সাংবাদিক অনুপ কুমার খস্তগীর বলেন, বর্তমান সাংবাদিক ইউনিয়ন অথর্ব, যতদিন পর্যন্ত সঠিক নেতৃত্ব না আসবে, ততদিন অধিকার আদায় হবে না। সাংবাদিকদের ইউনিয়নের অধিকার নিয়ে কোন ডিবেট হয় না, পলিসি মেকারদের সাথে আলোচনা হয় না। মাথা উচু করা সাংবাদিকতা না থাকলে দেশ রসাতলে যাবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, এ আন্দোলনে পূর্ন সমর্থন আছে। নোয়াবরা সাংবাদিকদের স্বার্থ ধ্বংস করতে যে অবস্থান নিয়েছে, তার জোরালো প্রতিবাদ করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, গণমাধ্যমের বিদ্যমান সংকটে পুরো সাংবাদিকরা কমিউনিটি জড়িত। নবম ওয়েজবোর্ড ঘোষিত রোয়েদাদ সাংঘাতিক রকমের বাজে হয়েছে, সাংবাদিকতা সংকুচিত করার উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্র।

সূত্র: স্বদেশ টুয়েন্টিফোর

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM