পথশিশুদের বাণিজ্যিক যৌনশোষণ বিরোধী প্রচারণা
নূরনাহার আক্তার মীম | ১২:১৪ অপরাহ্ন, ১৫ এপ্রিল, ২০১৯

নূরনাহার আক্তার মীম: বাংলা নববর্ষ-১৪২৬ এর পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে পথশিশুদের বাণিজ্যিক যৌনশোষণ বিরোধী প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাজধানীর মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজার প্রাঙ্গণে শতাধিক পথশিশুর অংশগ্রহণে এ বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মনোতোষ কুমার মধু-পিসিএল সিসেক প্রকল্প এবং প্রকল্প পরিচিতি তুলে ধরেন শহিদুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার, সিসেক প্রকল্প। কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (সিসেক) প্রকল্প কনসোর্টিয়াম এর আয়োজনে এ বৈশাখী উৎসবে প্রধান অতিথি ছিলেন ১০ নং ওয়ার্ড, মিরপুর-১ এর কাউন্সিলর মো. আবু তাহের. সিসেক প্রকল্পের আওতায় শিশু পরিচালিত সংগঠন (সিএলও) সমূহের প্রায় ২০০ জন পথশিশু যারা বাণিজ্যিক যৌন শোষণের শিকার এবং ঝুঁকিতে আছে তাদেরকে নিয়ে সকালে মঙ্গল শোভাযাত্রা, দুপুরে আলোচনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সিপের (সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) নির্বাহী পরিচালক মো. ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল কবির, কান্ট্রি ডিরেক্টর, টেরে ডেস হোমস নেদারল্যান্ড, এহসানুল হক, প্রোগ্রাম স্পেশালিষ্ট, টেরে ডেস হোমস নেদারল্যান্ড, চৌধুরী নুরুল হুদা আন নোমান, সভাপতি, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, মো: সবুজ আলী, শিশু বিষয়ক কর্মকর্তা, দারুস সালাম থানা এবং হাওলাদার নুরুল ইসলাম, সচিব, ৮ নং ওয়ার্ড কাউন্সিল অফিস। সিপ জাতীয় পর্যায় শিশু অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নকারী একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের পূনর্বাসনে ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (সিসেক) সিপের একটি প্রকল্প যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮, ৯ এবং ১০ নং ওয়ার্ড এলাকায় ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহায়তায় এবং টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস এর কারিগরী সহযোগিতায় বাস্তবায়ন করছে। ব্রেকিং দ্যা সাইলেন্স (বিটিএস) এই প্রকল্পে মনোসামাজিক সেবা প্রদান করে আসছে। ২০১৬ সাল থেকে এই প্রকল্প পথশিশুদেরকে সুরক্ষা প্রদান এবং সমাজের মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। 


