রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন খালেদা জিয়া
১১:২৩ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের জন্য শনিবার ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে খালেদা জিয়া দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ সেরে ফের যাত্রা করে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে।
পরদিন সকাল ১১টায় সড়ক পথে কক্সবাজার যাবেন বিএনপি প্রধান। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি। রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন সোমবার দুপুরে।
এরপর বিকালে চট্টগ্রামে ফিরে সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

