জ্ঞান ফিরেছে ওবায়দুল কাদেরের
নিউজ ডেস্ক | ৮:১৭ পূর্বাহ্ন, ৪ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দিনভর তিনি অচেতন থাকলেও রাতে তার জ্ঞান ফিরেছে ও চোখ মেলে তাকিয়েছেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, প্রস্রাবও হয়েছে। এমনকি ইশারায় তিনি পানি চাইলে চিকিৎসকরা তাকে নলের মাধ্যমে তা খেতে দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। বিএসএমএমইউর একজন হৃদরোগ বিশেষজ্ঞ এ তথ্য জানান। রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এ সময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সূত্র: ইত্তেফাক

