নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হয়েছে: জানিপপ
নিজস্ব প্রতিবেদক | ৫:৫৪ অপরাহ্ন, ১ মার্চ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসির নতুন ১৮ টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন সামগ্রিক বিচারে এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিপপ- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ মনে করে।
গতকাল অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসির নতুন ১৮ টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন সফলভাবে পর্যবেক্ষণ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিপপ এ তথ্য জানায়।
পর্যবেক্ষণে পরিদৃষ্ট হয় যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক এবং মিডিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া প্রতিকূল থাকায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
এ নির্বাচনে জানিপপের ৫০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক ভ্রাম্যমাণ ভিত্তিতে ৬৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেছেন জানিপপ-এর নির্বাহী পরিচালক এডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উত্তরা, মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর, লালমাটিয়া, মালিবাগ, তেজগাঁওসহ আরো কয়েকটি এলাকায় অবস্থিত নির্বাচন কেন্দ্রসমূহ জানিপপ-এর পর্যবেক্ষকগণ পর্যবেক্ষণ করেন।

