পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর আর নেই
নিউজ ডেস্ক | ১১:৩৮ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

নিউজ ডেস্ক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শাহ আলমগীরের শ্যালিকা ও নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলমগীর ডায়াবেটিসসহ বিভিন্নি শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শাহ আলমগীর। ২০১৩ সালের ৭ জুলাই তিনি পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। সরকার ২০১৮ সালের জুলাই মাসে তার চাকরির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করে।

