অষ্টগ্রামের কলমায় অগ্নিকান্ডে ৬৭টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ৬:২১ অপরাহ্ন, ৩ ডিসেম্বর, ২০২০

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রামের কলমা ইউনিয়নের শরীফপুর বড়হাটিতে অগ্নিকান্ডে ৩৬টি পরিবারের বসতঘরসহ ৬৭টি ঘর পুড়ে ছাই হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারগুলো। এতে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে এলাবাসীরা জানান।
তীব্র শীতে খোলা আকাশের নীচে মানবেতর দিনাদিপাত করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। ক্ষতিগ্রস্থ একাধিক পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি বন্ধ ঘর থেকে আগুনের সৃত্রপাত হয়। এরপর প্রায় চার ঘন্টা চেষ্টার পর এলাকাবাসী সনাতন পদ্বতিত্বে আগুন নিয়ন্ত্রণে আনেন। গণবসতি হওয়ার কারণে বসতঘর, রান্নাঘর, গরুর গোয়ালঘরসহ ৩২টি পরিবারের ৬৭টি ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: আলমাছ উদ্দিন, কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাছ উদ্দিন বলেন, “ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা ও ক্ষতির পরিমাণের তালিকা করছি।”
কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস বলেন, “ক্ষতিগ্রস্থ ৩২টি পরিবারের জন্য ৩২টি শাড়ি দিয়েছি।”
একাধিক ক্ষতিগ্রস্থ পরিবার জানায় অগ্নিকান্ডে এত বড় ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত সরকারীভাবে কোনো সহযোগিতা পাননি তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল আলম জানান উপজেলায় একটি মিটিং থাকার কারণে তিনি ক্ষতিগ্রস্থ এলাকায় যেতে পারেননি তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পাঠিয়েছেন তালিকার জন্য। তালিকা পেলে সরকারি ভাবে সহযোগিতার জন্য জেলাতে পাঠানো হবে।

