কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় দীপশিখা
বিশেষ প্রতিনিধি | ২:২৬ অপরাহ্ন, ৫ আগস্ট, ২০২০

বিশেষ প্রতিনিধি: এক ঝাঁক মেধাবী, স্বেচ্ছাসেবী সমমনা তরুণদের নিয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগরে যাত্রা শুরু করেছে "দীপশিখা সমাজকল্যাণ সংস্থা" নামের এক নতুন সংগঠন। সংগঠনটি ইদের কয়েকদিন আগে যাত্রা শুরু করে এবং ইদে বেশ কয়েকটি সামাজিক কর্মকান্ড সফলতার সাথে সম্পন্ন করে।
দীপশিখার সদস্যরা করোনা মহামারির কথা মাথায় রেখে, আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা না দিয়ে, বাড়ি বাড়ি গিয়ে এস এস সি -২০২০ এ আলীনগরের যে সকল শিক্ষার্থী জি পি এ ৫.০০ (এ+) অর্জন করেছেন তাদেরকে ক্রেষ্ট প্রদান করে এবং ভবিষ্যতে তাদেরকে এককালীন অর্থপ্রদানসহ যে কোন পরিস্থিতিতে তাদের পাশে থাকার অঙ্গীকার করে।
করোনা বিষয়ে হাওড়ের মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্যবিধি মেনে দীপশিখার সকল সদস্য একটি নৌ-র্যালির আয়োজন করেছে এবং তা সফলভাবে তারা সম্পন্ন করেছে।

ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দীপশিখার কয়েকজন সদস্য সামাজিক সচেতনতায় ও অগ্রগতিতে যে কোন সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম বলে অভিহিত করেছেন।
অষ্টগ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ দীপশিখার এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনটি এ রকম স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী চালিয়ে গেলে অত্র এলাকায় বিভিন্ন বিষয়ে বিশেষ করে বাল্যবিবাহ, বয়স্কশিক্ষা ও মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও করোনা সচেতনতা বিষয়ক নৌ-র্যালিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বেসরকারী পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


2 Comments