ক্যান্সারে আক্রান্ত অষ্টগ্রামের সফিকুল বাচঁতে চায়, আসুন ওর পাশে দাড়াই
খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি | ১২:২৫ অপরাহ্ন, ২৭ জুন, ২০২০

খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না-ও বন্ধু...মানুষ মানুষের জন্য। গায়ক ভূপেন হাজারিকার এই গানটি হাজার বছরের শ্রেষ্ট গান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এ গানের কথা ধরেই বলতে চাই আপনাদের একটু সহানুভূতিই বাচাঁতে পারে একটি প্রাণ, একটি পরিবার ও একটি স্বপ্ন।
বলছি সফিকুল ইসলামের কথা। সফিকুল কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামের উত্তর পাড়ার আবুল কাসেমের ছেলে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত চার মাস যাবৎ পৈত্রিক জমি বিক্রি করে ও মানুষের সাহায্যে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল সফিকুল ইসলাম। কিন্তু এখন তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় সফিকুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সফিকুল ইসলাম ভাটির রানিকে বলেন, “আমার বাবা পনের বছর যাবৎ অসুস্থ। ঘরে মা, বাবা, স্ত্রী ও দুই মেয়ে সন্তান নিয়ে ছয়জনের উপার্জনের দায়িত্ব আমার উপর। দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ার পর চার মাস যাবৎ পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। জমি বিক্রি করে ও মানুষের সাহায্য নিয়ে তিন লক্ষ টাকার চিকিৎসা করেছি। আমার স্ত্রী-সন্তান শ্বশুর বাড়িতে রয়েছে এখন। আমার চিকিৎসা চলমান। আরেকটা অপারেশন ও থেরাপিসহ মোট দুই লক্ষ টাকার প্রয়োজন। এত বিশাল ব্যয় বহন করা আমার অসহায় পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের হৃদয়বান মানুষের কাছে আমি সহায়তা কামনা করছি। আমি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে বেচেঁ থাকতে চাই।”
সে সমাজের বিত্তবানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
বিশ্ব মহামারীর এই সময়ে কে বাচঁবে আর কে মরবে আমরা জানিনা। মরে গেলে আমাদের সকল অর্থ-সম্পদ অর্থহীন। তাই আসুন, এই করোনাকালে আর্থিক সংকটের মধ্যেও সফিকুলকে বাচাঁতে সাহায্য করি।
সফিকুল ইসলামের বিকাশ পার্সোনাল নম্বর- ০১৭১৪ ৮৩ ৫৮ ২৮।

