অবশেষে গেজেটভুক্ত হলেন মুক্তিযোদ্ধা প্রয়াত কাজী আব্দুল বারী
বিশেষ প্রতিনিধি | ৫:১৯ অপরাহ্ন, ৩ জুন, ২০২০

বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছর পর অবশেষে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাজীপাড়ার কৃতি সন্তান প্রয়াত কাজী আব্দুল বারী।
গত ২০ মে উপসচিব রথীন্দ্র নাথ দত্ত রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন ৩,৭৯১ জন মুক্তিযোদ্ধার তালিকায় প্রয়াত কাজী আব্দুল বারীর নাম অন্তর্ভুক্ত করেন।
ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আব্দুল বারীর নাম এতদিন কোন এক অজানা কারণে মুক্তিযোদ্ধা তালিকায় ওঠেনি। সেজন্য অষ্টগ্রামের সচেতন মানুষের দীর্ঘদিনের আক্ষেপ ছিল। এতদিন পর তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় গোটা উপজেলার মানুষ বর্তমান সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি সংগ্রামে কাজী আব্দুল বারীর বিশাল একটা ভুমিকা ছিল। তাঁর বাবা কাজী আব্দুল আওয়াল একজন আইনজীবী এবং অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন।
কাজী আব্দুল বারী রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় মরহুমের প্রতি অভিনন্দন জানিয়েছেন দেওঘর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পাওন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হক ভূইয়া।


1 Comments