শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রাম ভেঙ্গে নতুন উপজেলার দাবির বিপক্ষে জোরালো প্রতিবাদ

অষ্টগ্রাম ভেঙ্গে নতুন উপজেলার দাবির বিপক্ষে জোরালো প্রতিবাদ

গোলাম রসূল | ১:৩৭ অপরাহ্ন, ৩০ মে, ২০২০

1590824232.jpg

গোলাম রসূল: হাওর উপজেলা অষ্টগ্রামকে ভেঙ্গে নতুন আরেকটি উপজেলা গঠন করার দাবির বিপক্ষে জোরালো প্রতিবাদ জানাচ্ছে অষ্টগ্রামের সর্বস্থরের জনগণ। গত দুই দিনে অষ্টগ্রামের হাজার হাজার মানুষ তাদের স্ব স্ব অবস্থান থেকে এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে ক্ষোভ ও প্রতিবাদের তুমুল ঝড়। 

প্রতিবাদকারীদের দাবি যেকোন নামেই অষ্টগ্রামকে ভেঙ্গে নতুন আরেকটি উপজেলা গঠন করা হলে সেটি প্রথমেই কিশোরগঞ্জ-৪ আসনের অখন্ডতা নিয়ে সমস্যা সৃষ্টি করবে। তাছাড়া উপজেলায় চলমান ব্যাপক উন্নয়ন কর্মকান্ডও থমকে যাবে।

তাদের অনেকেই বলছেন অষ্টগ্রামকে অখন্ড রেখে আব্দুল্লাহপুরসহ বাকি দুইটি ইউনিয়নকে অধিকতর সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসার দাবিটাই বরং যোক্তিক হতে পারে।

আবার অনেকেই মনে করছেন অষ্টগ্রামকে ভেঙ্গে নতুন আরেকটি উপজেলা গঠন করা হলে আসনটিতে বর্তমান সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের ক্ষতি হবে সবচেয়ে বেশি। সুতরাং তারা যেকোন মূল্যে সাংসদের ক্ষতি হতে দিবেননা এবং এ বিষয়ে আরো জোরালো আন্দোলন গড়ে তুলবেন।

এ বিষয়ে অষ্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম ভাটির রানিকে বলেন, “কতিপয় কমবয়সী যুবক আবেগের বশবর্তী হয়ে আলাদা উপজেলার দাবি করছেন। আমি তাদের দাবিকে যোক্তিক বা অযৌক্তিক কোনটাই বলতে চাই না। আব্দুল্লাহপুর, আদমপুর ও কলমা ইউনিয়নে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং মুরুব্বিগণ রয়েছেন। উনারা কি বলেন সেটাই আসল কথা। সবচেয়ে বড় কথা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন। আমরা মহামান্যর যেকোন সিদ্ধান্তের প্রতি আস্থাশীল থাকব।”

অষ্টগ্রাম আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান সাঈদ এ প্রতিবেদককে বলেন, “আলাদা উপজেলার জন্য আব্দুল্লাহপুরবাসীর মিটিং, মিছিল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করার কোন প্রয়োজন নেই। আমাদের মাথার উপরে বটগাছ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন। তিনি খুব ভাল করেই জানেন কিভাবে কি করলে আমাদের মঙ্গল হবে। যদি সংসদীয় আসন ঠিক রেখে নতুন আরেকটি উপজেলা করার প্রয়োজন হয় তবে তিনিই এটি করবেন। এ জন্য কারো দাবি-দাওয়া বা আন্দোলনের প্রয়োজন নেই।”

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু ভাটির রানিকে জানান, এখানে আন্দোলন করার কিছু নাই। এই সংসদীয় আসনটিকে আরো বড় করার জন্য মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের একটি ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই। সেজন্য তিনি মিঠামইনের কাটকাল, হবিগঞ্জের বানিয়ারচং উপজেলার কয়েকটি ইউনিয়ন ও কাদিরপুরসহ আরো কয়েকটি ইউনিয়নকে নিয়ে নতুন একটি উপজেলা করার কথা ভেবেছিলেন।

উল্লেখ্য গত এক বছর ধরে আব্দুল্লাহপুর, আদমপুর ও কলমা ইউনিয়নকে নিয়ে নতুন একটি উপজেলা গঠন করার জন্য দাবি জানিয়ে আসছেন ঐ এলাকার শিক্ষিত ও সচেতন মানুষজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবির সমর্থনে রীতমত ঝড় তুলছেন ঐ এলাকার সর্বস্থরের জনগণ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM