শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম হামিদ নগর নামে নতুন উপজেলার দাবি আব্দুল্লাহপুরবাসীর

হামিদ নগর নামে নতুন উপজেলার দাবি আব্দুল্লাহপুরবাসীর

গোলাম রসূল | ১১:০৮ পূর্বাহ্ন, ২৯ মে, ২০২০

1590728910.jpg

গোলাম রসূল: কিশোরগঞ্জ জেলার সূর্য সন্তান, ভাটির সিংহপুরুষ, ভাটির শার্দুল, দেশের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামে নতুন একটি স্বতন্ত্র উপজেলার দাবি জানাচ্ছে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ও আদমপুরের জনগণ।

গত এক বছর ধরে আব্দুল্লাহপুর ইউনিয়ন, আদমপুর ইউনিয়ন ও কলমা ইউনিয়নকে নিয়ে নতুন একটি উপজেলা গঠন করার জন্য দাবি জানিয়ে আসছেন এলাকার শিক্ষিত ও সচেতন মানুষজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে রীতমত ঝড় তুলছেন এ তিনটি ইউনিয়নের সর্বস্থরের জনগণ।

তাদের দাবি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে অতীতে অনেক নতুন নতুন উপজেলা ও থানা গঠিত হলেও বাংলাদেশে সবচেয়ে অবহেলিত অঞ্চল হাওরে কোন রকম প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হয়নি। ফলে তারা বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন এর সুফল সুষমভাবে ভোগ করতে পারছে না।

আব্দুল্লাহপুর, আদমপুর ও কলমাসহ তিনটি ইউনিয়নে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। এসব এলাকা থেকে উপজেলা সদর অষ্টগ্রামে ভোরে গেলে সন্ধ্যায়ও ফিরে আসা যায় না। যদি একজন রোগীকে সদর হাসপাতালের সেবা নিতে হয়। তাহলে তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। আর জমির দলিল রেজিস্ট্রেশন বা খাজনা দিতে গেলে তো যেন হয়রানির কোনো শেষ নেই। তাই, সময়ের প্রয়োজনে এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে আব্দুল্লাহপুরকে উপজেলা বাস্তবায়নের জোড় দাবি জানাচ্ছেন তারা।

নতুন উপজেলার দাবীতে দীর্ঘদিন যাবত আন্দোলনে আছে ‘আব্দুল্লাহপুর উপজেলা বাস্তবায়ন পরিষদ’।

এ ছাড়া ‘হাওর ফাউন্ডেশন’ এ বিষয়ে ঢাকা, নরসিংদী ও ভৈরবে বেশ কয়েকটি সভা করেছে যার নেতৃত্বে রয়েছে সভাপতি ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ।

হামিদ নগর উপজেলা নামকরণের যোক্তিকতা তুলে ধরে আব্দুল্লাহপুরের সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী খালেকুজ্জামান ভূঁইয়া ভাটির রানিকে জানান মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অত্র এলাকার অবিসংবাদিত ও অত্যন্ত শ্রদ্বেয় ব্যক্তিত্ব। উনার নামে নতুন একটি উপজেলা করা হলে এলাকাবাসী গর্বিত হবেন। কোন বিতর্ক থাকবেনা।

তিনি বলেন কলমা, আদমপুর ও আব্দুল্লাহপুর ইউনিয়নকে নিয়ে একটি নতুন উপজেলা বাস্তবায়ন করা হোক। একই সাথে আব্দুল্লাহপুর ইউনিয়নকে ভেঙ্গে একাধিক ইউনিয়ন করা হোক। এর হেড কোয়ার্টার হতে পারে আব্দুল্লাহপুর গ্রামের উত্তর দিকে। এখানে পর্যাপ্ত জায়গা আছে। অথবা কলিমপুর-আব্দুল্লাহপুর এর মাঝামাঝি কোথাও।

অষ্টগ্রাম উপজেলায় বিগত তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী রাজনীতিবিদ মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটন বলেন, আব্দুল্লাহপুর ইউনিয়নে বর্তমানে ভোটার ২১ হাজারেরও অধিক। পাশের ইউনিয়ন আদমপুরে প্রায় ১৯ হাজার ভোট। তাই আব্দুল্লাহপুর, আদমপুর ও কলমা এই তিনটি ইউনিয়নকে পূনর্গঠিত করে হামিদ নগর নামে নতুন একটি উপজেলা বাস্তবায়ন অত্র এলাকার আপামর জনসাধারণের প্রাণের দাবী।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM